দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রীদের সম্মতি ছাড়া পেছন দিক থেকে আপত্তিকর ছবি তোলা অব্যাহত রাখলে আলোকচিত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এর আগে বিষয়টি নিয়ে সতর্ক করার পরও এমন ছবি তোলার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি ‘বিগ বস ২০’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন অভিনেত্রী নেহা ধুপিয়া। এ সময় আলোকচিত্রীদের এমন আচরণের বিরুদ্ধে কথা বলায় সালমানকে ধন্যবাদ জানান তিনি। জবাবে সালমান বলেন, সব তারকা এ ধরনের ছবি তুলতে স্বচ্ছন্দ বোধ করেন না। যারা আপত্তি জানান, তাদের ব্যক্তিগত সীমারেখার প্রতি সম্মান দেখানো উচিত।
সালমান বলেন, কিছু নারী ও পুরুষ নিজেরাই আলোকচিত্রীদের ডেকে এনে এ ধরনের ছবি তোলার জন্য অর্থ দেন। তার ভাষায়, ‘কিছু নারী ও পুরুষ আলোকচিত্রীদের সেখানে ডাকেন, তাদের টাকা দেন এবং এ ধরনের ছবি তুলতে বলেন। তারাও বা কী করবেন?’
তবে যারা এমন ছবি তুলতে চান না, তাদের ইচ্ছার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি। সালমান বলেন, ‘যারা চান, তাদের জন্য করো। কিন্তু যারা চান না, তাদের বিরক্ত করো না।’
নেহা ধুপিয়াকে উদ্দেশ করে সালমান আরও বলেন, অভিনেত্রীরা নিষেধ করার পরও যদি আলোকচিত্রীরা এ ধরনের ছবি তোলেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘তোমরা মেয়েরা যখন এসে বলো, এটা করা যাবে না, তারপরও যদি তারা তা করে, তাহলে তাদের বিষয়টি আমরা দেখব।’
আগের সতর্কবার্তার পরও এমন ছবি তোলা বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সালমান। তার দাবি, কিছু বড় মাধ্যমও এ ধরনের কাজ করছে। তিনি বলেন, ‘এখন তারা আরও বেশি করে এসব করছে। তবে এ বিষয়ে আমি বড় পদক্ষেপ নেব।’
সালমান আরও বলেন, ‘তারা এখন বিষয়টিকে রসিকতা মনে করছে। কিছু বড় মাধ্যমও এসব করছে। আমি কঠোর ব্যবস্থা নেব।’
২০২৬ সালের সেপ্টেম্বরে ‘বিগ বস ২০’-এর একটি পর্বেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সালমান। সে সময় তিনি অভিযোগ করেন, কিছু আলোকচিত্রী ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীদের উরুতে ক্যামেরা তাক করেন কিংবা তাদের পেছন দিক থেকে ছবি তোলেন। এতে সংশ্লিষ্ট নারীরা স্বচ্ছন্দ কি না, তা বিবেচনায় নেওয়া হয় না।
নেহা ধুপিয়ার আগের অবস্থান এবং সাঈ মানজরেকর ও নিজের ভাগনিকে ঘিরে একটি ঘটনার প্রসঙ্গ তুলে সালমান প্রশ্ন করেন, অনেক অভিনেত্রী যেখানে এ ধরনের ছবি অপছন্দ করেন, সেখানে কেন তাদের ছবি এভাবে তোলা হয়। এমন ছবি তোলায় আপত্তি থাকলে নারীদেরও নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানানোর আহ্বান জানান তিনি।
/অ